Author(s): Mayna Lokshman
Abstract:
নটে রূপের আরোপ হেতু নাট্যকে রূপক বলা হয়। ভরত প্রভৃতি আলংকারিকগণ তাদের নাট্যতত্ত্ববিষয়ক গ্রন্হে দশপ্রকার রূপকের কথা বলেছেন। এই দশপ্রকার রূপকের মধ্যে প্রথম হল নাটক। রূপকসমূহের ভেদক ধর্মগুলি হল- বিষয়বস্তু, নায়ক বা নেতা, রস। নাটক প্রভৃতি রূপকের ক্ষেত্রে এই তিনটি বিযয় খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত নাটক অভিনয়ের ব্যবহারিক দিকটি আমাদের আকর্ষিত করে কিন্তু ব্যবহারিক রূপের অন্তরালে তাত্ত্বিক দিক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সংস্কৃত নাট্যসাহিত্যে অন্যতম উল্লেখযোগ্য নাটক হল কালিদাস পূর্বসময়ের কবি ভাস বিরচিত স্বপ্নবাসবদত্তম্। রাজা উদয়ন ও বাসবদত্তার প্রণয় কাহিনী এই নাটকের মূল উপজীব্য বিষয়। এছাড়া রাজনৈতিক বিষয়ও এই নাটকে স্হান পেয়েছে। এই নাটকে নায়ক চরিত্র হল উদয়ন। শৌর্যসম্পন্ন, গুণবান, প্রজারঞ্জক, ও দর্শনীয় নৃপতি উদয়ন। নাট্যতত্ত্ব অনুসারে নায়ককে কেন্দ্র করে নাটকের মুখ্য ঘটনা পরিচালিত হয়, স্বপ্নবাসবদত্তম্ নাটকেও উদয়নকে কেন্দ্র করে মুখ্য কাহিনী প্রবাহিত হয়েছে। নায়কোচিত প্রায় সকল গুণ তার মধ্যে বিদ্যমান। ধীরললিত ও ধীরোদাত্ত শ্রেণীর নায়ক উদয়ন। ভাস তার স্বপ্নবাসবদত্তম্ নাটকে উদয়ন চরিত্রটিকে লোকানুবর্তী করে অঙ্কন করেছেন। এককথায় নাট্যতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নবাসবদত্তম্ নাটকে নায়ক হিসেবে রাজা উদয়নের গুণসমূহের বিস্তরে আলোচনা হল এই গবেষণা প্রবন্ধের মুখ্য বিষয়।
PDF URL: View Article in PDF
